সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের কোনো কর্মকাণ্ডের কারণে সরকারের দুর্নাম হলে তার প্রভাব দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপরও পড়বে। তাই সরকারের সমালোচনার পরিবর্তে গঠনমূলক পরামর্শ ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশ ও দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “একতাই শক্তি, একতাই বল”—এই নীতিকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সকল ধরনের হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসামূলক মনোভাব পরিহার করতে হবে। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, সৎ, সাহসী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে যেসব পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে অবদান রেখে আসছে এবং যাদের হাতে দল নিরাপদ, তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বহিরাগতদের পদ-পদবীর প্রয়োজন নেই; তারা সমর্থক হিসেবে দলের সঙ্গে থাকতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে দলে যোগ দেওয়া হাইব্রিড রাজনীতিকদের তুলনায় পরীক্ষিত নেতাকর্মীদের বেশি গুরুত্ব দেওয়া উচিত।
তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো সাংগঠনিক পদ বা জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান।
বিএনপির নীতিনির্ধারকদের প্রতি নেতাকর্মী ও সমর্থকদের জন্য ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতরে থেকে ক্ষতিকর ভূমিকা পালনকারী সুযোগসন্ধানী ও বিশ্বাসঘাতক চক্রকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থানকে শক্তিশালী করা গেলে কোনো প্রতিপক্ষই বিএনপিকে দুর্বল করতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।