বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার প্রায় সাড়ে আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, সোমবার রাত ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। রাতভর তল্লাশির পর ভোররাতে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মানসিক প্রতিবন্ধী মায়ের সঙ্গে দিঘিতে গোসলে নামলে কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনার পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, মঙ্গলবার দুপুরে মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দিঘিরপাড় কবরস্থানে শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মাজারের খাদেমসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।