পূর্বধলার উন্নয়নে বঞ্চনা, জনগণের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ এমপি মানসুরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলার উন্নয়নে বঞ্চনা, জনগণের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ এমপি মানসুরা..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলার উন্নয়নে বঞ্চনা, জনগণের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ এমপি মানসুরা..
পূর্বধলার উন্নয়নে বঞ্চনা, জনগণের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ এমপি মানসুরা..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার; তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।..

নেত্রকোনার পূর্বধলা উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আক্তার বলেছেন, পূর্বধলা ১৭ বছর আগেও যেমন ছিল, এখনও অনেকটা তেমনই রয়ে গেছে। এখানে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। সোমবার (২৫ মে) দুপুর ২টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আজও তাকে 'পঁচা পানি ও ড্রেন পার হয়ে' সভাস্থলে আসতে হয়েছে, যা এ অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে।

মানসুরা আক্তার তার বক্তব্যে বলেন, রাজনীতি কখনোই ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হতে পারে না। জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কাজ করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, "আমি এমপি হয়েছি সম্পদশালী হওয়ার জন্য নয়। জনগণ যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সবাইকে সঙ্গে নিয়েই পালন করতে চাই। কতটুকু করতে পারব জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে।"

এসময় তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং পূর্বধলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মানসুরা আক্তার বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা পূর্বধলা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তারা ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 'পূর্বধলা পৌরসভা' বাস্তবায়নের দাবি জানান।

মো. জায়েজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেবিএম নোমান শাহরিয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম ফকরুল হাসান। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ আলী জুয়েল, সাকিব আব্দুল্লাহ, জিয়াউর রহমান, ইমরান মিয়া, জোবায়ের হোসেন বাচ্চু, নজরুল ইসলাম, নাহিদ আলম, সাইফুল্লাহ মানসুর ও ইমতিয়াজ আহমেদ সজিবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী। সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

Комментариев нет


News Card Generator