টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর থানার কোকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির নিচতলায় জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার যন্ত্র, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, আটকরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0