মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শাকিলা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস বলেন, পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামী বাংলাদেশ হবে আরও শক্তিশালী। অপুষ্টি দূরীকরণে সরকার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ঔষধ ও পুষ্টি পরামর্শ দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরষ্কার ও সনদ এবং মায়েদের হাতে পুষ্টি সমৃদ্ধ খাবার তুলে দেন অতিথিরা।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও মায়েরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বালিয়ডাঙ্গী উপজেলায় পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনামূলক কার্যক্রম পরিচালিত হয়।