সীতাকুণ্ডে পুকুরে ডুবে (খালা–ভাগ্নে) দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনি এলাকায় পুকুরে ডুবে খালা–ভাগ্নেসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো তাসপিয়া আক্তার সীমা (১১) ও মো. আবদুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫)। সীমা আব্দুল মালেকের মেয়ে এবং আবদুল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক মো. মাসুদের ছেলে। সম্পর্কে তারা খালা–ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উভয় পরিবার রহমতপুরের আমেনা কলোনিতে ডাক্তার রমজান আলীর ভাড়া বাসায় বসবাস শুরু করেন। শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে বাসার পাশের রেলওয়ে পুকুর এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জানান, নতুন ভাড়াটিয়া হওয়ায় এলাকায় তারা অনেকের কাছেই অপরিচিত ছিলেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
সীতাকুণ্ড থানা-এর উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দূর্টঘনার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট