মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন, উৎসবের আমেজ আর বাঙালিয়ানার ছোঁয়ায় মেতে উঠেছে হবিগঞ্জের মাধবপুর। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী সাজে সজ্জিত নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০টায় জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথের অমর সংগীত “এসো হে বৈশাখ”-এর সুরে শুরু হয় বর্ষবরণ আয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনরা।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অন্যদিকে, মাধবপুর সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজেও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয় লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাজাহান।
প্রতিবছরের মতো এবারও বৈশাখের এই আয়োজন হয়ে ওঠে সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলনমেলা। নতুন বছরকে বরণ করে নিতে মাধবপুরবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বর্ণাঢ্য আয়োজনে মাধবপুরে পহেলা বৈশাখ উদযাপন, মঙ্গল শোভাযাত্রায় জনস্রোত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বর্ণাঢ্য আয়োজনে মাধবপুরে পহেলা বৈশাখ উদযাপন, মঙ্গল শোভাযাত্রায় জনস্রোত..
ছবি: সংগৃহীত
No se encontraron comentarios