পটুয়াখালীতে মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় জেলাবাসী।
সকাল ৮টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে আবহমান বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ প্রদর্শিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ শিশু পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ শিশু পার্কে আয়োজিত লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দিনভর জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠান হিসেবে শিশু একাডেমি, হাসপাতাল, এতিমখানা, ঝাউতলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন,
পুলিশ সুপার আবু মোঃ ইউসুফ
সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া,
জেলা পরিষদের প্রশাসক স্নেহাংসু সরকার কুট্টি
স্থানীয় সরকার উপ-সচিব,পটুয়াখালী পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারেক হাওলাদার সহ জেলা প্রশাসন এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।
অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সুধীজন অংশগ্রহণ করেন।
পটুয়াখালী জেলা সদর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। গ্রামীণ খেলাধুলা, গান ও মেলার মাধ্যমে সাধারণ মানুষ নতুন বছরকে বরণ করে নেয়। সব মিলিয়ে জেলাজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর আমেজ।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0