খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব। ১৪৩৩ বঙ্গাব্দের নতুন প্রভাতকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরগঞ্জ উপজেলা চত্বরে চলছে বর্ণিল সাজসজ্জা ও আল্পনা অংকনের মহোৎসব। সোমবার ১৩ এপ্রিল সকাল থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয়েছে, যা পুরো এলাকাকে ইতোমধ্যে উৎসবমুখর এক আবহে রূপ দিয়েছে। উপজেলা চত্বরের বিশাল মাঠ আর মেঝেজুড়ে আঁকা হচ্ছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রতীক বাহারি আল্পনা।স্থানীয় শিল্পী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে রঙ ও তুলির আঁচড়ে চত্বরের চারপাশ ফুটিয়ে তুলছেন। এই আল্পনাগুলোতে গ্রামীণ জীবন, সংস্কৃতি ও লোকজ ইতিহাসের নানা অনুষঙ্গ ফুটে উঠছে। বীরগঞ্জের এই প্রস্তুতি কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন। তিনি প্রস্তুতির সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন।এসময় তিনি নিজেও রঙ ও তুলি হাতে নিয়ে আল্পনা অংকনে অংশ নেন, যা উপস্থিত তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।উপজেলা নির্বাহী অফিসার এসময় আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন যাতে নববর্ষের মূল উৎসবটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়। তিনি জানান, বাঙালির এই গৌরবময় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রশাসনের পক্ষ থেকে এমন বর্ণিল আয়োজন করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ ও সুধী সমাজ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।স্থানীয় বাসিন্দারা মনে করেন, পহেলা বৈশাখ উপলক্ষে এই আল্পনা ও সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত করবে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সবাই যেন নতুনের আহ্বানে ঐক্যবদ্ধ হতে পারে, সেই লক্ষ্যেই চলছে এই শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মিলিয়ে পহেলা বৈশাখকে ঘিরে বীরগঞ্জে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং এলাকাবাসীর মাঝে উৎসবের গভীর আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চৈত্র শেষের এই ব্যস্ততা এখন কেবল নতুন বছরের নতুন সূর্যোদয়কে বরণ করে নেওয়ার প্রতীক্ষায়।