মো ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি , ঝালকাঠি |
৫ এপ্রিল ২০২৬
শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দুপুরে জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৩০টি এলাকাকে 'হটস্পট' হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই জরুরি টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এই কর্মসূচি এক মাইলফলক হয়ে থাকবে এবং এর মাধ্যমে শিশুদের একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে যেন এই টিকার আওতায় আনা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার নির্ধারিত বয়সের সকল শিশুকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। জনস্বাস্থ্য রক্ষায় এবং শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।