বাজিতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাজিতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ..
বাজিতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ..
ছবি: সংগৃহীত
দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের দাড়িকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে আহসান উল্লাহ মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, একটি ঘরে থাকা কাঠের লাকড়ি ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পাশের আরেকটি বসতঘরের দরজা ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির উঠোনে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বাজিতপুর থানা পুলিশের উপস্থিতি ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ভুক্তভোগী লাল মিয়া অভিযোগ করেন, শনিবার সকাল ৯টার দিকে তার ভাইয়ের বাড়িতে ওয়ার্ড যুবলীগ নেতা সুজন মিয়ার নেতৃত্বে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেওয়া হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
অন্যদিকে অভিযুক্ত সুজন মিয়া দাবি করেন, অগ্নিসংযোগ হওয়া বাড়িটি তার ক্রয়কৃত সম্পত্তি। এ সংক্রান্ত দলিলপত্রও তিনি সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করেন।
এদিকে জমির বিক্রেতার আত্মীয় পরিচয়ে স্থানীয় বাসিন্দা আরেক লাল মিয়া জানান, সুজন মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং তিনি এ ঘটনার জন্য সুজন মিয়াকেই দায়ী করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator