সীতাকুণ্ডে যুবদলের সংবাদ সম্মেলন: রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা” দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (১৫ মার্চ) সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল করিম চৌধুরী বলেন, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীরা নৈতিক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছিলেন। এতে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে বলে তারা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, ওই ঘটনার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গণমাধ্যমে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা তারা রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতীতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক যৌথ অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করে বক্তারা সংশ্লিষ্ট বাহিনীর প্রতি ধন্যবাদ জানান।
তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে কিছু অসাধু কর্মকর্তা নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়াচ্ছেন—এমন অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথাও জানান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. খোরশেদ আলম, ফজলুল করিম চৌধুরী, মো. কোরান আলী সাহেদ, এস. এম. লোকমান হাকিম, মোহাম্মদ জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দীন, মো. সাহাব উদ্দীন (রাজু), মো. সাইফুদ্দিন, মো. আনোয়ার হোসেন ও মো. মঞ্জু প্রমুখ।
বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বন্ধের আহ্বান জানান।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট