ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গ্রামে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি কয়েকটি জায়গায় উপস্থিত হয়ে ঘুরে দেখেন।
গ্রামীণ উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক ও নকশিকাঁথাসহ নানা পণ্যের সমাহারে সাজানো ছিল প্রদর্শনীটি। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক-এর উদ্যোগে স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রদর্শনী ঘুরে দেখে জাইমা রহমান ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের পণ্যের মান ও বাজার সম্প্রসারণের বিষয়ে খোঁজখবর নেন। তিনি গ্রামীণ অর্থনীতিতে নারী ও তরুণ উদ্যোক্তাদের অবদানের প্রশংসা করেন।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পকে জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা চলছে।
পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ তৈরিতেও বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
প্রদর্শনীতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।