বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন
বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন
ছবি: সংগৃহীত
আশ্রয়ন প্রকল্পের ২৪০ পরিবার জোয়ার–প্লাবন থেকে সুরক্ষা পাবে

 বরগুনা সদর উপজেলার খাকদোন নদীর তীরে নবনির্মিত ৬২৮ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের একটি শক্তিশালী রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় ফলক উন্মোচন ও বৃক্ষরোপণের মাধ্যমে বাঁধটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

 

স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধটি পরিদর্শন করেন জেলা প্রশাসক। সংশ্লিষ্টরা জানান, এ বাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও পানির প্লাবনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে।

 

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

 

ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, দুর্যোগপ্রবণ বরগুনার মধ্যে পোটকাখালী আশ্রয়ন প্রকল্পটি জোয়ার-ভাটার পানির কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে বাসিন্দাদের প্রতিদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

 

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগপ্রবণ এ এলাকায় রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন নিরাপদে বসবাস করতে পারবে। বিশেষ করে নারী ও শিশুরা জোয়ার-ভাটার পানির ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান।

 

প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষে এককভাবে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে জাগো নারী। প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator