বরগুনায় শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের অভিনব উদ্যোগ- ভাসমান শিক্ষা তরীতে নতুন আলো.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের অভিনব উদ্যোগ- ভাসমান শিক্ষা তরীতে নতুন আলো..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের অভিনব উদ্যোগ- ভাসমান শিক্ষা তরীতে নতুন আলো..
বরগুনায় শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের অভিনব উদ্যোগ- ভাসমান শিক্ষা তরীতে নতুন আলো..
ছবি: সংগৃহীত
উপকূলীয় জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করলো BRAC।..

 বরগুনা অঞ্চলে ব্র্যাকের শিক্ষা তরী প্রকল্পের আওতায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) ও স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের সহযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৩ জন শিক্ষার্থীর জন্য চালু করা হয়েছে ফ্রি ইংলিশ স্পোকেন কোর্সসহ গণিত, বিজ্ঞান ও নৈতিক মূল্যবোধ চর্চার বিশেষ কার্যক্রম।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা স্কুল সংলগ্ন ভাড়ানি খালে তিনটি ভাসমান শিক্ষা তরীতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আনন্দঘন শিক্ষার এক নতুন পথের সূচনা হলো।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান, জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ ও তুহিন আলম, শিক্ষা তরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, এলাকাব্যবস্থাপক মো. রুবেল বিশ্বাস এবং এসএসএফ প্রতিনিধি আসাদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

 

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের জন্যও এ সুযোগ উন্মুক্ত করা হবে। এতে করে বরগুনা অঞ্চলের আরও বেশি শিক্ষার্থী গণিত, বিজ্ঞান ও ভাষা শিক্ষায় দক্ষ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও দক্ষতামূলক শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। ভাসমান শিক্ষা তরী সেই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

এদিকে, এডিসি (জেনারেল) অনিমেষ বিশ্বাস শিগগিরই এ কার্যক্রম পরিদর্শনে যাবেন বলে আয়োজকদের জানিয়েছেন।

 

উল্লেখ্য, নদীঘেরা জনপদের বুকে ভাসমান এই শিক্ষা তরী যেন নতুন প্রজন্মের স্বপ্নপূরণের এক নির্ভরযোগ্য আশ্রয়। এমনটাই মনে করছেন অভিভাবক ও স্থানীয়রা।

No se encontraron comentarios


News Card Generator