ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেদুয়ারী ইউনিয়নের নির্ধারিত স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন ও ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলাই এখন সময়ের দাবি।
মেদুয়ারী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি উন্নয়ন ও গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ভবিষ্যতেও দলীয় ঐক্য সুদৃঢ় রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0