যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপান’ শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পায়।
নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং ভাষার সুরক্ষায় সচেতন থাকতে হবে। মহান একুশ আমাদের সেই শিক্ষা দেয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মন্ত্রীর ছেলে আবেদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।