ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন..

Mj Moumi avatar   
Mj Moumi
ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন..
ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন..
ছবি: সংগৃহীত
ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে এসে এবার সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে জায়গা করে নিয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নবগঠিত মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান পান ৪৬ হাজার ২৬৩ ভোট। প্রায় ৪৯ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ১৮ বছর পর আসনটি বিএনপির দখলে আসায় বরিশাল অঞ্চলে দলটির রাজনৈতিক পুনরুত্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্ম নেওয়া জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকে তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।

 

দলীয় পর্যায়ে তিনি বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বিএনআরসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও কাজ করেছেন। এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং Parliamentarians for Global Action–এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি ছিলেন।

 

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জহির উদ্দিন স্বপন বলেন, বরিশালবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

 

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন "দৈনিক শেষ কথা" ও "সমাজ বাংলাদেশ" পত্রিকার সম্পাদক মোঃ ইউনুস সোহাগ। 

 

বরিশাল বিভাগের বরগুনা জেলার দীর্ঘ দুই যুগের ঐতিহ্যবাহী "দৈনিক শেষ কথা" পত্রিকার সম্পাদক ও বরগুনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা ইউনুস সোহাগ মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই নেতার হাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় গৌরনদী ও আগৈলঝাড়াসহ বরিশাল অঞ্চলে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, তার দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

没有找到评论


News Card Generator