সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান-কে উল্লাপাড়ায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বও পালন করছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় নবনির্বাচিত সংসদ সদস্যকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “নির্বাচনে কে ভোট দিয়েছেন বা কে দেননি—এটি আমার কাছে বিবেচ্য নয়। আমি উল্লাপাড়ার প্রতিটি মানুষের প্রতিনিধি। সকলকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে, তার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাসও দেন।
উপজেলায় শিগগিরই একটি সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি এ কাজে সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি'র সভাপতিত্বে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।