সেজেগুজে ভোট দিতে এসে দেখেন ‘ভোট হয়ে গেছে’ সাথীর | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেজেগুজে ভোট দিতে এসে দেখেন ‘ভোট হয়ে গেছে’ সাথীর

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
সেজেগুজে ভোট দিতে এসে দেখেন ‘ভোট হয়ে গেছে’ সাথীর
সেজেগুজে ভোট দিতে এসে দেখেন ‘ভোট হয়ে গেছে’ সাথীর
ছবি: সংগৃহীত
অনেক শখ করে পরিপাটি হয়ে সেজেগুজে ভোট দিতে এসেছিলেন সাথী আক্তার।

লক্ষ্য ছিল পছন্দের প্রার্থীকে নিজের পবিত্র আমানতটি দিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন। কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাওয়া মাত্রই তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পোলিং অফিসার তাকে জানালেন, তার ভোটটি আগেই দেওয়া হয়ে গেছে!

 

আজ (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও পৌরশহরের গোয়ালপাড়া সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সাথী জানান, তিনি সকাল সকাল সব গুছিয়ে কেন্দ্রে এসেছিলেন। ভোট দেওয়া নিয়ে তার মাঝে ছিল দারুণ উৎসাহ। কিন্তু যখন তিনি ব্যালট পেপার নিতে বুথের দিকে এগোতে চাইলেন, তখনই জানানো হয় তালিকায় তার নামের পাশে ইতোমধ্যে সই হয়ে গেছে এবং ভোট প্রদান সম্পন্ন হয়েছে।

 

সাথী আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি ভোট দিতে আসলাম, অথচ আমাকে বলা হচ্ছে আমি নাকি ভোট দিয়ে দিয়েছি। আমি এতক্ষণ ঘরে ছিলাম, তাহলে আমার ভোটটা দিলো কে? এটা কেমন নির্বাচন?"

 

এ ঘটনায় কেন্দ্রের সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভ ও হাসাহাসির সৃষ্টি হয়েছে। কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা নাকি অন্য কেউ জাল ভোট দিয়ে গেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্র প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যায়নি।

 

উক্ত কেন্দ্রের অন্যান্য ভোটাররা জানান, যদি এভাবে একজনের ভোট অন্যজন দিয়ে দেয়, তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাথীর মতো আরও অনেকেই এমন বিড়ম্বনায় পড়েছেন কি না, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator