এক সময়ে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও স্বাধীনতার পর অধিকাংশ সময় এই আসন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল; বিএনপি মাত্র একবার এখানে জয় পেয়েছে।
দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বা তাদের বিদ্রোহী প্রার্থীদের আধিপত্য থাকলেও এবার তাদের অনুপস্থিতি পুরোনো রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আসনটি ঘিরে বিএনপি ও জামায়াত—উভয় দলই সাংগঠনিক শক্তি বাড়িয়ে ভোটের মাঠে সক্রিয় হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের ভোট যদি বিভিন্ন দিকে বিভক্ত হয় এবং জামায়াত তাদের সংগঠনকে পুরোপুরি সক্রিয় করতে পারে, তাহলে এই আসনে নতুন ইতিহাসও তৈরি হতে পারে।
এদিকে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রতিযোগিতার আবহ। সব মিলিয়ে রংপুর-৫ এখন উত্তরাঞ্চলের অন্যতম আলোচিত নির্বাচনী আসনে পরিণত হয়েছে, যেখানে জয় পেতে বড় দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত স্পষ্ট।