নরসিংদী সদর–১ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হামিদুল হক পারভেজ আনুষ্ঠানিকভাবে তার দলীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে তিনি “সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি” প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
ইশতেহারে বলা হয়, উন্নত আধুনিক রাষ্ট্র মানে কেবল উঁচু ভবন, প্রযুক্তি বা অর্থনৈতিক প্রাচুর্য নয়—বরং মানবিক মানুষ, নিরাপদ সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বাস্তব নিশ্চয়তাই প্রকৃত উন্নত রাষ্ট্রের মূল ভিত্তি।
ইনসানিয়াত বিপ্লবের ঘোষিত ইশতেহারে খুন, সন্ত্রাস, জুলুম, দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য ও একক গোষ্ঠিভিত্তিক স্বৈরতন্ত্রমুক্ত একটি অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র গড়ার অঙ্গীকার করা হয়।
সব ধর্মের সব মানুষের জন্য সমান নিরাপত্তা, মর্যাদা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র কখনোই একক ধর্ম, একক দল বা একক মতাদর্শভিত্তিক হতে পারে না। জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর সরকার হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক।
স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান ও কর্মসংস্থানকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে ঘোষণা করে বলা হয়—জীবনরক্ষাকারী ওষুধ করমুক্ত করা, মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রত্যেক জেলা ও উপজেলায় সার্বক্ষণিক সরকারি হাসপাতাল এবং নাগরিকের জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইশতেহারে ধর্মের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ ও রাজনৈতিক প্রতারণা বন্ধের ঘোষণা দেওয়া হয় এবং একইসাথে সব ধর্মের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করা হয়। নারী, শিশু, প্রবাসী, কৃষক, শ্রমিক ও অসহায় মানুষের জন্য বিশেষ সুরক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্বের কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত–এর তাত্ত্বিক দিকনির্দেশনার আলোকে প্রণীত এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আতঙ্কমুক্ত রাষ্ট্র গড়ার আহ্বান জানানো হয়।
শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে “মানবতার রাষ্ট্র” প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীদের ভোট দিয়ে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0