উল্লাপাড়ায় একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ..

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ..
উল্লাপাড়ায় একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচন ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিততে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পাঁচজন প্রার্থী তাঁদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপস্থিত হন। প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম আকবর আলী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক (লাঙ্গল) এবং জাতীয় কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল হাকিম (কাস্তে)।

একই মঞ্চে পাঁচজন প্রার্থী নিজ নিজ দলীয় ইশতেহার পাঠ করেন। তাঁরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ.টি.এম. আরিফ। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্কতা এবং নির্বাচনী বিধি লঙ্ঘনে করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ.টি.এম. আরিফ বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”
তিনি আশা প্রকাশ করেন, প্রার্থীদের সহযোগিতায় উল্লাপাড়ায় একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

Комментариев нет


News Card Generator