মাধবপুরে মন্দিরে অর্থ ও সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মন্দিরে অর্থ ও সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মন্দিরে অর্থ ও সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ
মাধবপুরে মন্দিরে অর্থ ও সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গিলাতলীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির ও আখড়ায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, সঠিক তদারকি ও স্বচ্ছ ব্যবস্থাপনার অভাবে মন্দিরের বিপুল সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মন্দিরের নামে দিঘি ও বিস্তীর্ণ জমিসহ উল্লেখযোগ্য সম্পত্তি থাকলেও সেগুলো থেকে নিয়মিত ও স্বচ্ছ আয় নিশ্চিত করা যাচ্ছে না। বরং পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ফলে সম্ভাব্য আয় থাকা সত্ত্বেও মন্দির ও আখড়ার সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মন্দিরের পুরোহিত শিমুল চক্রবর্তী জানান, আয় থাকার পরও তারা নিয়মিত ভাতা পাচ্ছেন না। তিনি বলেন, সঠিকভাবে সম্পত্তি ব্যবস্থাপনা করা গেলে মন্দির ও আখড়ার উন্নয়নসহ পুরোহিত ও যোগীদের ন্যায্য ভাতা নিশ্চিত করা সম্ভব হতো। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সনাতন সম্প্রদায়ের নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত বলেন, জগন্নাথ মন্দির ও আখড়া সনাতন সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। তাঁর মতে, অতীতের আয়-ব্যয়ের পূর্ণ হিসাব নিরীক্ষা করে দ্রুত একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা কমিটি গঠন করা প্রয়োজন।
হিউম্যান রাইট কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক রাকেশ রায় বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ও সম্পত্তি আত্মসাৎ নিন্দনীয়। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, “মন্দির সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মন্দির ও আখড়ার অবশিষ্ট সম্পত্তিও দখল ও বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

没有找到评论


News Card Generator