দীর্ঘ কর্মজীবনের ইতি: অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :
দীর্ঘ সময় ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে অবসরে গেলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। তাঁর সম্মানে জয়পুরহাটের কালাইয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় হাতিয়র কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীম আরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জয়পুরহাট এবং সভাপতি, হাতিয়র কামিল মাদ্রাসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান ডবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম ও কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান।
বক্তারা বলেন, অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সততা, শৃঙ্খলা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন প্রতিষ্ঠানটিকে সুসংগঠিতভাবে পরিচালনা করেছেন। তাঁর অবদান হাতিয়র কামিল মাদ্রাসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন,
“একটি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ অপরিহার্য। সবাই একসঙ্গে কাজ করলে যে কোনো প্রতিষ্ঠান উন্নতির পথে এগিয়ে যায়।মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন"।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাহ আলম ও গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক মেসবা আহম্মেদ ডলার, শিরট্রি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলীসহ অনেকে।