ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে প্রশাসন—জেলা প্রশাসক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে প্রশাসন—জেলা প্রশাসক

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে প্রশাসন—জেলা প্রশাসক
ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে প্রশাসন—জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত
****

ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে প্রশাসন জেলা প্রশাসক

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, “আমাদের স্পষ্ট বার্তা—আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো। এর বাইরে আমাদের কোনো গোপন এজেন্ডা নেই। প্রশাসন কারো পক্ষ নেবে না; আইন মেনে এবং আইনের পক্ষেই দায়িত্ব পালন করবে।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উচিত তাদের নেতা-কর্মীদের নির্বাচন আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মো. রবিউল বাশার, জাতীয় মাইনোরিটি পার্টির মনোনীত প্রার্থী রুমেল হোসেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ও নির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর আব্দুল ওহাব সিদ্দিক ও সেক্রেটারি আব্দুর রউফ।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য সচিব মারুফ হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সদস্য সচিব হাফেজ আকরাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকার দাবি জানান। তারা ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের নিরপেক্ষ ও দৃঢ় অবস্থানের মাধ্যমে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Keine Kommentare gefunden


News Card Generator