প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

Juwel Hossain avatar   
Juwel Hossain
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই
ছবি: সংগৃহীত
****

প্রবীণ সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য রফিকুল আলম খান আর নেই। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রফিকুল আলম খান। রোববার সকালে সদর উপজেলার ডুমুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিক ষাটের দশকে প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ১৯৬৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৫৩ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, প্রথম আলো ও আমার দেশসহ দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেন। একসময় সাংবাদিকতা পেশায় সিরাজগঞ্জ জেলায় শীর্ষ অবস্থানে ছিলেন তিনি।

এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator