ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার আগে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ভাসানী মিলনায়তন এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব উজ্জলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত থাকবে।