রোববার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রোববার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর..

Juwel Hossain avatar   
Juwel Hossain
রোববার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর..
রোববার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর..
ছবি: সংগৃহীত
****

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার বগুড়া সফরে যাচ্ছেন। লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই হবে ঢাকার বাইরে তাঁর প্রথম সফর। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে পৌঁছে রাত্রিযাপন করবেন। পরদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

তারেক রহমান প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি ঢাকা–১৭ আসনেও প্রার্থী হয়েছেন। বগুড়া তাঁর পারিবারিক ও রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। জেলার গাবতলী উপজেলায় রয়েছে তাঁর বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। সে কারণে বগুড়া বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ও আবেগঘন আসন হিসেবে বিবেচিত।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বগুড়া সফর করেছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে বগুড়া ও আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বগুড়া সফর শেষে তারেক রহমান সড়কপথে রংপুর যাবেন। সেখানে তিনি জুলাই গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিএনপির একাধিক নেতার মতে, তারেক রহমানের এই সফর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

לא נמצאו הערות


News Card Generator