সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মনি (৩০)। তিনি কামারখন্দ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মনিরুল ইসলাম মনি কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হকের ছেলে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রউফ জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের একটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চা পানরত অবস্থায় মনিরুল ইসলাম মনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।