শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা বিস্ফোরক মামলা’র প্রতিবাদে মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা বিস্ফোরক মামলা’র প্রতিবাদে মানববন্ধন..

Juwel Hossain avatar   
Juwel Hossain
শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা বিস্ফোরক মামলা’র প্রতিবাদে মানববন্ধন..
শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা বিস্ফোরক মামলা’র প্রতিবাদে মানববন্ধন..
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়ার শেরপুরে দুইজন স্বনামধন্য সাংবাদিককে একটি বিস্ফোরক মামলায় জড়ানোর অভিযোগকে “মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত সাংবাদিক জোট, শেরপুর-এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, গত ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি বিস্ফোরণ সংক্রান্ত মামলায় কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই শেরপুর উপজেলার সাংবাদিক সবুজ চৌধুরী ও শুভ কুমার কুন্ডুকে অভিযুক্ত করা হয়েছে।

বক্তাদের দাবি, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইহান ওলিউল্লাহ সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ অন্তর্ভুক্ত করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাংবাদিকদের কণ্ঠরোধের একটি পরিকল্পিত প্রচেষ্টা। তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা শুধু ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারকে ভয়ঙ্করভাবে হুমকির মুখে ফেলছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটি একটি ভয়াবহ দৃষ্টান্ত, যা অব্যাহত থাকলে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে।”

কর্মসূচি শেষে সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে শেরপুর সার্কেল অফিসার সজীব শাহরিন এবং শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাংবাদিকদের নাম অবিলম্বে মামলা থেকে প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম। তারা এ ধরনের মামলা প্রত্যাহারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. নজরুল ইসলাম জাকি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সেই দর্পণ ভাঙার চেষ্টা কখনো সফল হবে না। তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জড়ানো একটি ভয়ংকর নজির। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

মানববন্ধনে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকারসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, স্বাধীন তদন্ত এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Walang nakitang komento


News Card Generator