মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (০৪ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুভর্তি ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়।
টহল দল ট্রাকটি থামিয়ে তল্লাশি চালালে বালুর নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৭৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”
চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মাধবপুরে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
कोई टिप्पणी नहीं मिली