সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এই কর্মসূচি পালিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যখন বেগম খালেদা জিয়ার মতো একজন অভিজ্ঞ অভিভাবকের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, ঠিক সেই সময়ে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বক্তারা আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের এক আপসহীন প্রতীক। তিনি তাঁর রাজনৈতিক জীবনে নীতির প্রশ্নে কখনো আপস করেননি। শত জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। তাঁর প্রতি দেশের মানুষের ভালোবাসার প্রতিফলন দেখা গেছে জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের চোখের পানিতে।"
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরিক হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি, সদস্য নুরুল ইসলাম বাবু, শফিক মোহাম্মদ রুমন, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ প্রমুখ।