বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও সিরাজগঞ্জ সদর–০২ আসনের সাবেক সংসদ সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং এই মহান নেত্রীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছে।
পৃথক ও যৌথ শোকবার্তায় গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের পরিবারবর্গ। শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের এক আপসহীন ও সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে তাঁর সাহসী নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সিরাজগঞ্জের রাজনীতি ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল অসামান্য। তিনি সিরাজগঞ্জবাসীকে সবসময় আপন করে নিয়েছেন এবং এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে তাঁর ভূমিকা বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় নেত্রীর স্মরণে জেলায় দোয়া মাহফিল ও বিশেষ শোকসভার আয়োজন করা হবে।