ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও চর্চায় বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে চরমোনাই পীর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের উপস্থিতি উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্য ও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।