সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সকালে এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।
আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এই বরেণ্য রাজনীতিবিদ।
‘গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়’ শোকবার্তায় ড. ইউনূস উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, “তার আপসহীন নেতৃত্বের ফলে জাতি বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তি পেয়েছে। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে প্রধান ভূমিকা রেখেছিল।”
রাষ্ট্রীয় স্বীকৃতি ও অবদান ড. ইউনূস স্মরণ করিয়ে দেন যে, বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং জনগণের প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল। তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় পথ দেখিয়েছে।”
নারী শিক্ষার প্রসারে বেগম জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেছিলেন, যা নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।”
রাজনৈতিক প্রতিহিংসা ও সংগ্রাম শোকবার্তায় প্রধান উপদেষ্টা বিগত সরকারের সময় বেগম জিয়ার ওপর দিয়ে যাওয়া নিপীড়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। রাজনৈতিক সাফল্যের কারণেই তিনি চরম প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাস ভোগ করেছেন।”
ড. ইউনূস মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।