খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে? | আই নিউজ বিডি

খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে?

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে?
খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে?
ছবি: সংগৃহীত
চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখেছিলেন। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।..

বাংলাদেশের রাজনীতির ‘আপসহীন নেত্রী’ খ্যাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দীর্ঘ অসুস্থতা ও শেষ প্রহর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখেছিলেন। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

জানাজা ও দাফন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল বুধবার রাজধানীতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে লাখো মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) তাঁকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই শায়িত আছেন তাঁর স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর পর স্বামীর সান্নিধ্যেই চিরনিদ্রায় শায়িত হবেন এই বরেণ্য রাজনীতিবিদ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসেন খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক জীবনে নির্বাচনে কখনোই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ড রয়েছে। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে তিনি যেকটি আসনে দাঁড়িয়েছেন, সবকটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন। এমনকি ২০০৮ সালের নির্বাচনেও তিনি তিনটি আসনে জয়ী হন।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Keine Kommentare gefunden


News Card Generator