শ্রীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মনসুরুল ইসলাম মাসুমকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মাসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, একটি অসহায় পরিবারকে আইনি সহায়তা করতে গিয়ে তিনি এই হুমকির মুখে পড়েছেন। পোস্টে তিনি লেখেন—
“একটি অসহায় পরিবারকে আইনি সহায়তা করতে গিয়ে আমি জীবননাশের হুমকির মুখে পড়েছি। ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মূল্য কখনো কখনো ভয় দেখিয়ে আদায় করতে চায় কিছু শক্তি। বিস্তারিত সবকিছু শিগগিরই প্রকাশ করা হবে—ইনশাআল্লাহ। ন্যায় ও সত্যের পথে অবিচল থাকব, আল্লাহ।”
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন সচেতন মহলে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা মনে করছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।
ভুক্তভোগী সাংবাদিক মনসুরুল ইসলাম মাসুম এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।