মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশ ও জাতির জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ চান তাঁরা, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে। জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।