কালাইয়ে জন্মের পরদিনই মারা গেল বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতক
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় এক বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতকের জন্ম হয়েছে। জন্মের মাত্র একদিন পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুঃখজনকভাবে, এর আগেও একই মায়ের গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি নবজাতকের জন্ম হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার নুনুজ গ্রামের বাবুল হোসেনের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়িতেই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব সম্পন্ন হয়। জন্মের পরপরই নবজাতকের শারীরিক গঠনে গুরুতর অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জন্মের পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে জন্মের একদিন পর শনিবার (২৭ ডিসেম্বর) শিশুটি মারা যায়।
নবজাতকের বাবা বাবুল হোসেন বলেন,
“কয়েক বছর আগেও আমার স্ত্রীর গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি সন্তানের জন্ম হয়েছিল, যেটিও মাত্র একদিন বেঁচে ছিল। এরপর আমাদের একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তার তিন বছর পর আবার সন্তান হলে একই ধরনের সমস্যায় আক্রান্ত শিশু জন্ম নেয়।”
চিকিৎসকদের মতে, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি অথবা নিয়মিত চিকিৎসা পরীক্ষা না করানোর কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানান, গর্ভধারণের আগে এবং গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এ ধরনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি গর্ভকালীন স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কালাইয়ে জন্মের পরদিনই মারা গেল বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে জন্মের পরদিনই মারা গেল বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতক..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি