পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’ | আই নিউজ বিডি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’
পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’
ছবি: সংগৃহীত
টাকার পাহাড়, স্বর্ণালঙ্কার আর বৈদেশিক মুদ্রার ভিড়ে এবার সবার নজর কেড়েছে একটি বিশেষ চিরকুট, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।..

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স যেন এক বিস্ময়ের নাম। এবার ৩ মাস ২৭ দিন পর খোলা হলো মসজিদের ১৩টি লোহার দানবাক্স। গণনা শেষে মিলল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। টাকার পাহাড়, স্বর্ণালঙ্কার আর বৈদেশিক মুদ্রার ভিড়ে এবার সবার নজর কেড়েছে একটি বিশেষ চিরকুট, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই চিরকুট দানবাক্সে পাওয়া চিঠিপত্রের মধ্যে একটি সাদা কাগজের চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল—‘‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোনো এক ভক্ত বা সাধারণ মানুষ আল্লাহর ঘরে এই ফরিয়াদ জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। টাকার অঙ্কের খবরের পাশাপাশি এই চিরকুটটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

রেকর্ড ৩৫ বস্তা টাকা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়। এরপর টাকাগুলো ৩৫টি বস্তায় ভরা হয়। দিনভর গণনা শেষে রাতে টাকার চূড়ান্ত হিসাব পাওয়া যায়। টাকা গণনার কাজে অংশ নেন ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদ কমিটির সদস্যরা।

মসজিদ নিয়ে মহাপরিকল্পনা জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের আবেগের জায়গা। এখানে সব ধর্মের মানুষ দান করেন। এই দানের টাকা দিয়ে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘‘নকশা প্রণয়নের কাজ প্রায় শেষ। এখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।’’

অতীতের রেকর্ড এর আগে সর্বশেষ গত ৩০ আগস্ট দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। এবার টাকার পরিমাণ কিছুটা কম হলেও (১১ কোটি ৭৮ লাখ) তা অবিশ্বাস্য।

সাধারণত মানুষের বিশ্বাস, এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই কেউ দান করেন টাকা-পয়সা, কেউবা মনের আরজি লিখে রেখে যান চিরকুটে। এবার সেই আরজির তালিকায় যুক্ত হলো হাদি হত্যার বিচারের দাবি।

No se encontraron comentarios


News Card Generator