এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা ওই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর এক তরুণী বিয়ের দাবিতে জুয়েল রানার বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে। পরে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রায় ১১ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুয়েল রানার সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং জুয়েল তাকে বিয়ের আশ্বাস দেন। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। এ অবস্থায় বিয়ের দাবিতে ৯ ডিসেম্বর জুয়েলের বাড়িতে গেলে ওই তরুণী নির্যাতনের শিকার হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিয়ের কথা বলে শারীরিক সম্পর্কের অভিযোগে ভুক্তভোগীর বড় বোন ৯ ডিসেম্বর রাতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর পরিবার ও অভিযুক্ত ছাত্রদল নেতা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।