ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি একটি ‘সুনিয়ন্ত্রিত নকশা’ (Meticulous Design)। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সংশ্লিষ্টদের মনে ভয় ধরিয়ে দেওয়া এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সোমবার এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশ্লেষক গোলাম মাওলা রনি।
তদন্ত ভিন্নখাতে নেওয়ার শঙ্কা গোলাম মাওলা রনি অভিযোগ করেন, হামলার পরপরই এর দায় বিভিন্ন রাজনৈতিক পক্ষের ওপর চাপিয়ে মূল ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘প্রথমে দায় চাপানো হলো মির্জা আব্বাসের ওপর, এরপর ডাকসু ভিপি সাদিক কায়েম এবং সর্বশেষ ছাত্রলীগ বা ভারতের ওপর। এভাবে প্রকৃত অপরাধীদের আড়াল করে তাদের পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে’’।
তিনি সতর্ক করে বলেন, ‘‘আওয়ামী লীগ বা অন্য দলের ওপর ঢালাওভাবে দোষ চাপালে প্রকৃত অপরাধীরা নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং তাদের পরবর্তী ‘মিশন’ বাস্তবায়ন করা সহজ হবে’’।
অভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তিগত শত্রুতা খতিয়ে দেখার আহ্বান তদন্তের স্বার্থে হাদির ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়গুলো সবার আগে খতিয়ে দেখার পরামর্শ দেন রনি। তিনি বলেন, ‘‘গত ১৪ মাসে হাদির জীবনে যে বিবর্তন এসেছে, তাতে অর্থ, ক্ষমতা, পদ-পদবি বা নারীঘটিত বিষয় নিয়ে কারও সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা, পুলিশের তদন্তে সেটিই সবার আগে আসা উচিত’’। তিনি মন্তব্য করেন, ৯০ শতাংশ ক্ষেত্রে এই ধরনের অঘটন নিজেদের মধ্য থেকেই ঘটে, যা ‘মীরজাফর’ তৈরির মতো।
চিকিৎসা নিয়ে ‘নাটক’ ও ঢামেকের প্রশংসা ওসমান হাদির চিকিৎসা প্রসঙ্গে রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ভূয়সী প্রশংসা করেন। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘ঢামেকের ওয়ান স্টপ সার্ভিস ও আইসিইউ সেবা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও মানবিক ও কার্যকর’’। হাদিকে এভারকেয়ারে নেওয়া বা বিদেশে পাঠানো নিয়ে একধরণের ‘গেম’ বা নাটক চলছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, ঢামেকেই তিনি সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছিলেন।
ভয়ের সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা রনি আশঙ্কা প্রকাশ করেন, হাদির ওপর হামলার মধ্য দিয়ে রাজনীতিতে একটি ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভাইরাসের মতো কাজ করছে। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে রাজনীতির মাঠ ঘোলাটে এবং আমরা এমন এক পরিস্থিতিতে পৌঁছেছি যেখানে না হতাশ হতে পারছি, না আশাবাদী হতে পারছি’’।
সবশেষে তিনি এই ঘটনার প্রকৃত মোটিভ এবং কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানান, যাতে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকে।