গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) জনাব হাবিবুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও পীর সাহেব চরমোনাই মনোনীত গোপালগঞ্জ-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাঠে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়গুলোতে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মুফতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম। এছাড়া কাশিয়ানী উপজেলা শাখার সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিনসহ ইউনিয়ন ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ আলোচনায় অংশ নেন।
পুলিশ সুপার জনাব হাবিবুল্লাহ বলেন, গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌজন্য সাক্ষাৎ শেষে গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।