কালিগঞ্জে সমবায়ের অর্ধকোটি টাকা গায়েব: পরিদর্শক লাপাত্তা, বদলি হলেন ইউপিও.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে সমবায়ের অর্ধকোটি টাকা গায়েব: পরিদর্শক লাপাত্তা, বদলি হলেন ইউপিও..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে সমবায়ের অর্ধকোটি টাকা গায়েব: পরিদর্শক লাপাত্তা, বদলি হলেন ইউপিও..
কালিগঞ্জে সমবায়ের অর্ধকোটি টাকা গায়েব: পরিদর্শক লাপাত্তা, বদলি হলেন ইউপিও..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে সমবায়ের অর্ধকোটি টাকা গায়েব: পরিদর্শক লাপাত্তা, বদলি হলেন ইউপিও

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন সমবায় সমিতি থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন ইউসিসিএ’র পরিদর্শক আব্দুস সালাম। তার এ প্রতারণার ফলে সর্বশান্ত হয়ে পড়েছেন দুই শতাধিক দরিদ্র কৃষক। পুরো ঘটনায় সমবায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সমবায় কর্মকর্তা ও সদস্যদের অভিযোগ—অর্থ আত্মসাৎকারী আব্দুস সালামকে নিরাপদে পালাতে সহায়তা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্নখাতে নিতে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দায় চাপানো হয়েছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ইউপিও) শেখ জাহাঙ্গীর আলমের ওপর। পরে তাকে অন্যত্র বদলি করা হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর দেওয়া লিখিত অভিযোগে কালিগঞ্জ কেএসএসের সহ-সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস, ইউসিসিএ’র পরিচালক ফারুক হোসেনসহ সমবায় নেতারা জানান—

ইউপিও হিসেবে যোগদানের পর শেখ জাহাঙ্গীর আলম ইউসিসিএ ও বিআরডিবির চলমান অনিয়ম উদঘাটনে সক্রিয় হন। দীর্ঘদিন খেলাপি থাকা সমবায়গুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ে তিনি তদন্ত কমিটি গঠন করেন।

ওই তদন্তে উঠে আসে—পরিদর্শক আব্দুস সালাম বিভিন্ন সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন, ব্যাংক চালান জালিয়াতি করেছেন এবং আত্মসাৎ করা অর্থে তার স্ত্রীর নামে আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ অক্টোবর ২০২৫ তারিখে স্মারক নং ৪৭.৬২.৮৭.৪৭.০০০.১৬.০০৮.১৩.৫৬১ অনুসারে তাকে সাময়িক বহিষ্কার করেন ইউপিও জাহাঙ্গীর আলম।

কিন্তু অভিযোগ রয়েছে—একটি প্রভাবশালী মহল কৌশলে বহিষ্কার আদেশটি আব্দুস সালামের কাছে পৌঁছাতে বিলম্ব ঘটায় এবং উল্টো ইউপিওকে বদলির জন্য চক্রান্ত শুরু করে। এই মহলটি সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহসহ কয়েকজন রাজনৈতিক নেতার স্বাক্ষর ও সিলমোহর জাল করে একটি কাল্পনিক আবেদন পাঠায়। ওই নকল অভিযোগের ভিত্তিতেই ইউপিওকে বদলি করা হয় বলে দাবি করেন সমবায়ীরা।

এ ঘটনায় ইউসিসিএ ও কেএসএসের পরিচালক, সভাপতি–সদস্যসহ সমবায়ীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে—

শেখ জাহাঙ্গীর আলমকে কালিগঞ্জে পুনর্বহাল,

আত্মসাৎকারী পরিদর্শক আব্দুস সালামকে গ্রেপ্তার,

সমবায়ীদের টাকা উদ্ধার,

স্বাক্ষর জালিয়াতি ও ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে কঠোর শাস্তি—

এই দাবিগুলো তুলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

অভিযোগের বিষয়ে জানতে পরিদর্শক আব্দুস সালামের মোবাইলে বারবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator