সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক ‘আপসহীন এবং সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মন্তব্য করেছেন, দেশ বেগম জিয়াকে এবং তাঁর প্রজ্ঞাকে এক ‘মূল্যবান সম্পদ’ হিসেবে বিবেচনা করে।
গতকাল (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে উপদেষ্টা এই মন্তব্য করেন।
নেতৃত্বের ভূয়সী প্রশংসা ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বেগম জিয়ার সাহসী সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি লিখেন, “আমরা তাঁকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”
উন্নত চিকিৎসার প্রস্তুতি ও ডা. জোবাইদা রহমানের আগমন উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ে সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি। জানা গেছে, কাতারের আমিরের সৌজন্যে জার্মানির তৈরি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দ্রুতই ঢাকায় পৌঁছাতে পারে।
এদিকে, শ্বাশুড়ির চিকিৎসার তদারকি করতে লন্ডন থেকে জরুরিভিত্তিতে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ড ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক গুরুতর স্বাস্থ্যসমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তাঁর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন।