স্টাফ রিপোর্টার, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিচ্ছেন আরমান হোসেন। পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চরামপুর থানার ওসি পদ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় বদলি করা হয়েছে। বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছে।
নতুন ওসি আরমান হোসেন এর আগে বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন। বাঞ্চরামপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমন কার্যক্রমে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। রাঙ্গুনিয়ায় দায়িত্ব নিতে পেরে তিনি জনগণের আস্থা অর্জন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, রাঙ্গুনিয়া মডেল থানার বর্তমান ওসি শিফাতুল মাজদারকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি দায়িত্ব পালনকালে থানার সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন এবং নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করেন।
শিগগিরই নতুন ওসি আরমান হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে থানা সূত্রে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা—নতুন ওসির নেতৃত্বে রাঙ্গুনিয়া মডেল থানার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।