সিরাজগঞ্জের মালশাপাড়া কবরস্থান ও শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার এতিমখানায় বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকাহে জারিয়াহ, ছাগল সদকা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামানের ব্যক্তিগত সহযোগিতায় সোমবার এ আয়োজন সম্পন্ন হয়।
পহেলা ডিসেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম এতিমখানায় এতিম শিশুদের সামনে ছাগল সদকা দেন মির্জা মোস্তফা জামান। শিশুদের উপস্থিতিতে এই সাদাকাহে জারিয়াহের মাধ্যমে পুরো পরিবেশে মানবিক বোধ ও আবেগঘন আবহ সৃষ্টি হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি নুর নবী। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাতে বলেন, “যে নেত্রী আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন, সেই নেত্রীর রোগমুক্তি আল্লাহ দ্রুত দান করুন।”
এর আগে মালশাপাড়া কবরস্থানে স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ নুরনবীর পরিচালনায় হয় বিশেষ দোয়া। সেখানে সাদাকাহে জারিয়াহ হিসেবে একটি ছাগল প্রদান করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। দেশের প্রতিটি মানুষ তাঁর সুস্থতা কামনা করছে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবারও গণমানুষের পক্ষে সাহসী কণ্ঠে কথা বলুন।”
তিনি বলেন, “এতিম শিশুদের সামনে সদকা এবং তাদের মাধ্যমে দোয়া গ্রহণ নিঃসন্দেহে বরকতময়। সারা দেশে নেত্রীর অসুস্থতা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই আয়োজন সেই উদ্বেগের মানবিক বহিঃপ্রকাশ।”
আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সদস্য আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অভিভাবকের মতো। তাঁর সুস্থতার জন্য শুধু বিএনপি নয়—দেশের মানুষ আজ সমানভাবে ব্যাকুল। এই সংকট মুহূর্তে জাতীয়ভাবে তাঁর জন্য দোয়া করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।”
দোয়া মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিবেশে ছিল নীরবতা ও আবেগের ছায়া। এতিম শিশুদের মুখে সদকা বিতরণ ও তাদের আন্তরিক প্রার্থনায় উপস্থিত সবার চোখে ছিল গভীর উপলব্ধি আর মমতার প্রতিচ্ছবি।
সাদাকাহে জারিয়াহ ও দোয়া শেষে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য সার্বিক দোয়া অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিরাজগঞ্জে অনুষ্ঠিত এ মানবিক আয়োজন শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়— স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি ছিল “একজন অসুস্থ নেত্রীর জন্য জনগণের হৃদয়ের প্রার্থনা”।