বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল কনফারেন্সে সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হককে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠিত এ কনফারেন্সে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
সূত্র জানায় কনফারেন্সে তারেক রহমান বলেন, “দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন সক্রিয়ভাবে মাঠে কাজ করে আসায় ভিপি আয়নুল হকই এ আসনের উপযুক্ত প্রার্থী।”
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ভিপি আয়নুল হক দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আই নিউজ বিডি’কে বলেন, “দলের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন বলে আমি বিশ্বাস করি।”
মনোনয়ন ঘোষণার খবর স্থানীয় এলাকায় পৌঁছামাত্রই নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।