ময়মনসিংহ

ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু অহিদুল ইসলাম (২২)-এর বিরুদ্ধে; হত্যার পর থানায় গিয়ে অস্ত্রসহ ..
Podijeli na Eidoku
ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ
Foto: arhiva

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বন্ধু অহিদুল ইসলাম (২২)কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুলের মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ফাহিম। চার মাস আগে তিনি দেশে আসেন। আগামী শনিবার তাঁর মালয়েশিয়া ফেরার কথা ছিল। সেখানে ২৫ ডিসেম্বর থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা।

ত্রিশাল থানার পুলিশ জানায়, রাত নয়টার দিকে একটি ‘চায়নিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন অহিদুল ইসলাম। তিনি ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের বলেন, ফাহিম তাঁর “জীবন নষ্ট করে দিয়েছে”, তাই তাকে কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ তাঁকে আটক করে। অহিদুলের দেখানো স্থান থেকে নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকের কাছ থেকে ফাহিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, “কেন আমার ছেলেকে হত্যা করল, কিছুই বুঝতে পারছি না। কোনো বড় বিরোধ বা শত্রুতা ছিল না। আমার ছেলে তো বেশির ভাগ সময় দেশেই থাকত না। এভাবে কুপিয়ে ওকে হত্যা করবে, ভাবিনি।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, দুই তরুণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হত্যার পর থানায় এসে অহিদুল নিজেই হত্যার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ফাহিম তাঁর জীবন নষ্ট করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর বেশি কিছু বলেননি। আটক তরুণকে জিজ্ঞাসাবাদ করে হত্যার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। ফাহিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara